ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার বিকেলে শাহবাগ চত্বরে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়।
সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সমাবেশে ঘোষণা করেন, "আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আমরা চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।"
এর আগে আজ বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ হাদিকে দাফন করা হয়। দাফন শেষে কয়েক হাজার ছাত্র-জনতা মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন। দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মরহুমের বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম এই কারিগর। দেশে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও গত বৃহস্পতিবার রাতে তিনি শাহাদাতবরণ করেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে পৌঁছায়।
শহীদ ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছিলেন এই তরুণ বিপ্লবী নেতা। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ছাত্র-জনতার মাঝে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন