চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী বছরের জানুয়ারি মাস থেকে নিজেদের কার্যক্রমের স্থান পরিবর্তন করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২২ জানুয়ারি থেকে বিমানের সকল ফ্লাইট টার্মিনাল-১ এর পরিবর্তে নবনির্মিত টার্মিনাল-৩ থেকে পরিচালিত হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গুয়াংজু বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবং যাত্রীদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে চলাচলকারী সকল যাত্রীর জন্য এই নির্দেশনা কার্যকর হবে।
যাত্রীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা
টিকিট যাচাই: ২২ জানুয়ারি বা তার পরবর্তী সময়ে ভ্রমণকারী যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে টিকিট ও বোর্ডিং পাস পুনরায় পরীক্ষা করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সময় ব্যবস্থাপনা: নতুন টার্মিনালে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সহযোগিতা: টার্মিনাল পরিবর্তন সংক্রান্ত কোনো সমস্যা বা জিজ্ঞাসার জন্য যাত্রীরা বিমানবন্দরে নিয়োজিত বিমানের গ্রাউন্ড স্টাফদের সহায়তা নিতে পারবেন।
যাত্রীদের সাময়িক এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন