শুল্ক কমলেও সচল থাকছে এনইআইআর, অবৈধ হ্যান্ডসেট রুখতে কঠোর অবস্থানে সরকার

বিশেষ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০২:০০ পিএম
শুল্ক কমলেও সচল থাকছে এনইআইআর, অবৈধ হ্যান্ডসেট রুখতে কঠোর অবস্থানে সরকার

দেশের মোবাইল আমদানিকারক ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার মোবাইল আমদানির ওপর যথেষ্ট পরিমাণ শুল্ক হ্রাস করেছে। তবে শুল্ক কমানোর এই সুবিধার পাশাপাশি গ্রাহকের নিরাপত্তা এবং সরকারের রাজস্ব সুরক্ষায় ‘এনইআইআর’ পদ্ধতিকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে বিটিআরসি।

কেন বন্ধ হচ্ছে না এনইআইআর?

অনেকে ধারণা করেছিলেন শুল্ক কমানো হলে এনইআইআর বা হ্যান্ডসেট নিবন্ধন পদ্ধতির প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। কিন্তু এই ধারণা নাকচ করে দিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গ্রাহকের হাতে থাকা হ্যান্ডসেটটির নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি হওয়া সেট ট্র্যাক করতে এনইআইআর পদ্ধতি অপরিহার্য। ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত দাবি আমরা পূরণ করেছি, কিন্তু গ্রাহকের হ্যান্ডসেটের নিরাপত্তা এবং ডিজিটাল শৃঙ্খলার স্বার্থে এনইআইআর পদ্ধতি সচল থাকবে।

শুল্ক ফাঁকি এবং নকল সেটের দৌরাত্ম্য

ব্রিফিংয়ে ফয়েজ আহমদ তৈয়্যব এক উদ্বেগজনক তথ্য প্রকাশ করেন। তিনি জানান, প্রতিবছর বাংলাদেশে যে পরিমাণ হ্যান্ডসেট আমদানিকৃত হয়, তার প্রায় অর্ধেকই আসে শুল্ক ফাঁকি দিয়ে অর্থাৎ অবৈধ পথে। তিনি বলেন, বাজারে থাকা এই অবৈধ সেটগুলোর বড় একটি অংশই হলো নকল, ক্লোন বা পুরনো সেট। অসাধু ব্যবসায়ীরা পুরনো সেটের কেসিং পরিবর্তন করে সেগুলোকে নতুন সেট হিসেবে সাধারণ গ্রাহকের কাছে বিক্রি করে প্রতারণা করছে। এই অরাজকতা আর চলতে দেওয়া হবে না।

অপরাধীদের বিচারের আওতায় আনার ঘোষণা

বিটিআরসিতে যারা বিভিন্নভাবে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বা আছেন, তাদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। তিনি জানান, বিটিআরসিকে ঢেলে সাজানো হচ্ছে এবং প্রতিষ্ঠানের ভেতরে থাকা ‘হালকারী’ বা দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো আপস করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

হ্যান্ডসেট বাজারের শৃঙ্খলা ও ভবিষ্যৎ

সরকার মনে করছে, শুল্ক কমানোর ফলে বৈধ পথে মোবাইল আমদানির পরিমাণ বাড়বে এবং সাধারণ মানুষ কম মূল্যে আসল হ্যান্ডসেট কিনতে পারবেন। এনইআইআর সিস্টেম সচল থাকার ফলে বাজারে চোরাই বা অবৈধভাবে আসা হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যাবে, যা পরোক্ষভাবে দেশি শিল্প এবং বৈধ আমদানিকারকদের সুরক্ষা দেবে।

এএন