১ ফেব্রুয়ারি থেকে বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৫:৩০ পিএম
১ ফেব্রুয়ারি থেকে বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত

উড়োজাহাজ স্বল্পতা ও আসন্ন হজ কার্যক্রমসহ বিভিন্ন কারণে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। 

আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিমানের পরিচালনা পর্ষদ জানায়, বিদ্যমান উড়োজাহাজগুলোর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ আসন্ন হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন কিংবা টিকিট রিফান্ডের ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। 

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বিমানের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। উল্লেখ্য যে, ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে বিজ্ঞপ্তি দিয়ে অবহিত করা হবে।

ইএইচ