বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানের পরিচালনা পর্ষদের পুনঃসিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।
এর আগে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট স্থগিত করার কথা ছিল। তবে টিকেটধারী সম্মানিত যাত্রীসাধারণের বিষয়টি বিবেচনায় রেখে এই তারিখ পরিবর্তন করে আগামী ১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
এমতাবস্থায়, ঢাকা-সিলেট-ম্যানচেস্টার-ঢাকা-সিলেট রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন কিংবা টিকেট রিফান্ড করার ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ অথবা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সকলের সহযোগিতা কামনা করছে।
উল্লেখ্য, ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে অবহিত করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন