শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:৪৭ পিএম
শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার

দেশে বর্তমানে বছরে প্রায় এক লাখ কোটি টাকা যাকাত সংগ্রহের সম্ভাবনা রয়েছে। এই বিপুল অর্থ পরিকল্পিতভাবে সংগ্রহ ও বণ্টন করা সম্ভব হলে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চতুর্দশ যাকাত ফেয়ার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এই সংবাদ সম্মেলনে যাকাত ফেয়ারের অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর জনগণের মধ্যে যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে যাকাত বড় শক্তি হতে পারে। দারিদ্র্য বিমোচনে সরকারকে বৈদেশিক ঋণ নিতে হয়, অথচ সঠিক পদ্ধতিতে যাকাত আদায় হলে ঋণের প্রয়োজন হতো না। এমনকি দেশে গৃহহীন বা চিকিৎসার অভাবে কেউ মারা যেত না।

তিনি ব্যক্তিগত উদ্যোগে শাড়ি-লুঙ্গি দেওয়ার প্রচলিত পদ্ধতির সমালোচনা করে বলেন, শাড়ি-লুঙ্গিতে সমাজ বদলাবে না। যাকাতের টাকায় দরিদ্রদের ভ্যানগাড়ি বা ব্যবসার ব্যবস্থা করে দিলে তাঁরা আত্মনির্ভরশীল হবে এবং ভবিষ্যতে তাঁরাই দাতা হিসেবে গড়ে উঠবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, “ইনসাফ প্রতিষ্ঠায় যাকাত” প্রতিপাদ্য নিয়ে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে চতুর্দশ যাকাত ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এই ফেয়ারের উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

সিজেডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, চলতি বছরে তাঁদের ৯০ কোটি টাকা যাকাত সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি সাড়ে ১৭ হাজার শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি প্রদানসহ সারা দেশে ৬০টির বেশি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করছে। এ ছাড়া বিনামূল্যে ডায়ালাইসিস ও ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার কাজও চলছে।

যাকাত ফেয়ারে দিনব্যাপী যাকাত ক্যালকুলেশন ডেস্ক থাকবে, যেখানে বিশেষজ্ঞদের কাছ থেকে মাসআলা-মাসায়েল ও হিসাব সংক্রান্ত সহায়তা নেওয়া যাবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব আরাস্তু খান, মুনাওয়ার মিসবাহ মঈন এবং সিজেডএম-এর শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

জেএইচআর