‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জাতি গড়ি’ এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএফএসএ চেয়ারম্যান জাকারিয়া।
প্রধান অতিথি অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য নমুনা পরীক্ষার ডাটাবেজ এবং গবেষণা প্রস্তাব আবেদন সেবা অনলাইনকরণের উদ্বোধন করেন। ২০১৯-২০২০ অর্থবছর থেকে খাদ্য নমুনা পরীক্ষা করা হলেও এবারই প্রথম এ পরীক্ষার ফলাফল ডাটাবেজ আকারে প্রণয়ন ও অনলাইনে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৪-২০২৫ অর্থবছরে মোট ৭৮ ধরনের খাদ্যের ১ হাজার ৭১৩টি নমুনা এবং ২ হাজার ৮৭২টি প্যারামিটার পরীক্ষা করা হয়। এ ডাটাবেজ খাদ্যের ঝুঁকি প্রোফাইল তৈরি ও গবেষকদের কাজ সহজ করবে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২২-২৩ অর্থবছর থেকে বিএফএসএ গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। আগে গবেষণা প্রস্তাবের আবেদন ম্যানুয়াল পদ্ধতিতে হলেও এ বছর থেকে তা অনলাইন পদ্ধতিতে চালু করা হচ্ছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমূদুল হাসান শিকদার।
প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সংগীতা আহমেদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম।
মুক্ত আলোচনায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, খাদ্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক ও শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন