এনআইডি কার্ড অনলাইনে ডাউনলোড করবেন যেভাবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:০৪ পিএম
এনআইডি কার্ড অনলাইনে ডাউনলোড করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বর্তমান সময়ে নাগরিক সুযোগ-সুবিধা লাভের প্রধান চাবিকাঠি হলো ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি।

১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের জন্য এটি কেবল একটি পরিচয়পত্র নয়, বরং পাসপোর্ট তৈরি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড কেনা কিংবা জমি কেনা-বেচার মতো গুরুত্বপূর্ণ কাজে এটি অপরিহার্য। তবে অনেকে এনআইডি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলেও দীর্ঘ সময় ধরে মূল কার্ড হাতে পান না।

আপনার যদি জরুরি প্রয়োজনে এনআইডি কার্ডের প্রয়োজন হয়, তবে আর চিন্তার কারণ নেই। এখন ঘরে বসেই স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি, যা মূল কার্ডের মতোই সব কাজে গ্রহণযোগ্য।

প্রথমেই ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub/registration সাইটে। সেখানে আপনার এনআইডি নম্বর (অথবা ভোটার ফরম নম্বর), জন্ম তারিখ এবং সঠিক ক্যাপচা কোড দিয়ে আবেদন শুরু করুন।

আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য প্রদান করুন। এরপর আপনার সচল মোবাইল নম্বর দিয়ে ওটিপি (OTP) কোডটি ভেরিফাই করে নিন।

এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। গুগল প্লে-স্টোর থেকে ‘NID Wallet’ অ্যাপটি ডাউনলোড করুন। সাইটে প্রদর্শিত কিউআর কোডটি স্ক্যান করে আপনার চেহারা বা ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন।

ভেরিফিকেশন সফল হলে আপনার প্রোফাইলটি সচল হবে। সেখান থেকে ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করলেই আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটি পিডিএফ (PDF) ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে।

যাদের কার্ড হারিয়ে গেছে বা যারা এখনো স্মার্ট কার্ড পাননি, তারা ১৭ ডিজিটের এনআইডি নম্বর বা ভোটার স্লিপের ফরম নম্বর ব্যবহার করে এই সেবাটি নিতে পারবেন। তবে ডাউনলোড করার পর যদি তথ্যে কোনো ভুল লক্ষ্য করেন বা ভেরিফিকেশনে জটিলতা হয়, সেক্ষেত্রে দ্রুত নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এএন