আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল ও কাল বন্ধ হচ্ছে সব পরিবহন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:৫২ পিএম
আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল ও কাল বন্ধ হচ্ছে সব পরিবহন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার রাত ১২টা থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারাদেশে সব ধরনের মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

মোটরসাইকেলের পাশাপাশি কাল বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে জরুরি প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিয়ম শিথিল রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ ছাড়া সংবাদপত্র, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

বিদেশগামী বা বিদেশ ফেরত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিমানবন্দরগামী যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হবে। তবে এক্ষেত্রে যাত্রীদের সাথে পাসপোর্ট ও টিকেট বা বৈধ প্রমাণপত্র রাখতে হবে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট স্টিকার ব্যবহার করে একটি করে ছোট গাড়ি (কার, জিপ বা মাইক্রোবাস) ব্যবহার করতে পারবেন। সাধারণ ভোটারদের কেন্দ্রে যাতায়াতের সুবিধার্থে স্থানীয় প্রশাসন বিশেষ নজরদারি রাখবে।

জেএইচআর