আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
র্যাব মহাপরিচালক বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে র্যাবের পর্যাপ্ত জনবল এবং উন্নত প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগানো হচ্ছে। তিনি আশ্বস্ত করেন যে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ঝুঁকি কেবল তাদেরই আছে, যারা নির্বাচন ব্যাহত করার অপচেষ্টা চালাবে। বিশেষ করে যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে কিংবা ভোটকেন্দ্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি সাধারণ নাগরিকদের কোনো ধরনের ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান।
নির্বাচন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, ফলাফলের পর কেউ যদি নাশকতা বা ভাঙচুরের চেষ্টা করে, তবে র্যাব তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন যেকোনো গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড রুখতে র্যাবের সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।
র্যাব মহাপরিচালক দেশবাসীকে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়ে বলেন, প্রতিটি ভোটারের নিরাপত্তা বলয় তৈরিতে র্যাবসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন