ফুলপুরে বাস-সেনা ট্রাক মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৩

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:৩৯ পিএম
ফুলপুরে বাস-সেনা ট্রাক মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৩

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল, বাসচালক আব্দুল বাসেত এবং পরিচয় না পাওয়া এক পথচারী। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলপুর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ট্রাকযোগে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার সময় রাস্তা পার হতে গিয়ে এক পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় বাসচালক আব্দুল বাসেতকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে সার্জেন্ট রেজাউলকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, আহতদের উদ্ধার করে দ্রুত তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচআর