শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:০৯ পিএম
মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের মিশন একটাই, মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং সেই প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তিনি বলেন, কাজ করতে হলে আমাদেরকে একটি দল হিসেবে বা 'টিম ওয়াইজ' কাজ করতে হবে।

মন্ত্রণালয়ের সবাই আমরা একসঙ্গে আন্তরিকতার সাথে কাজ করলে সফল হবো। তিনি আরও বলেন, কাজ করার ক্ষেত্রে আমাদের যে গাইডলাইন আছে এবং আমাদের দলের যে ইশতেহার আছে, সেই ইশতেহারকে আমরা সামনে রাখবো।

গতকাল মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্ম দিবসে কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরও বলেন, বিগত ১ বছরে কী কী কাজ হয়েছে সেটা দেখে বুঝতে পারবো আমাদের কী কী ঘাটতি আছে। তিনি বলেন, দেশটা আমাদের; তাই আগামী ১০০ দিনের মধ্যে আমরা কী করব তার একটি লক্ষ্যমাত্রা তৈরি করতে হবে।

আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা দীর্ঘদিন কাজ করেছেন এবং আপনাদের অভিজ্ঞতা আছে। কাজের ক্ষেত্রে আমরা কার্য বিধিমালা বা 'রুলস অব বিজনেস'-এর বাইরে যাব না। যেখানে যা প্রয়োজন তা পরিষ্কারভাবে জানাবেন।

মন্ত্রী আরও বলেন, আপনারা ও আমরা—সবাইকে কাজ করতে হবে এবং সেটা একটি দল হয়ে করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে এবং যা জানানোর প্রয়োজন সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

তিনি উল্লেখ করেন, পবিত্র মাহে রমজান আসছে। রমজানের শেষের দিকে ঈদুল ফিতরের আগে যাতে শ্রমঘন শিল্প বা কলকারখানায় কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি হতে না পারে, সে বিষয়ে আগেই তৎপর থাকতে হবে।

পরিচিতমূলক সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নবযোগদানকৃত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, প্রথম তিন মাসের একটি কর্মপরিকল্পনা বা 'ওয়ার্ক প্ল্যান' তৈরি করতে হবে। তিনি বলেন, আমরা মানুষকে যেন বলতে পারি যে তিন মাসে আমরা এই কাজগুলো করেছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সাবেক উপদেষ্টা বেশ কিছু পরামর্শ দিয়ে গেছেন এবং আমরা সেই পরামর্শগুলো আমলে নেব। তিনি বলেন, ঈদের সময় কিছু আন্দোলন হয়, সেটা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে যেন আগেই সমস্যার সমাধান করা যায়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

জেএইচআর