অন্তর্বর্তী সরকারের সাবেক চার উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তাঁদের ব্যক্তিগত অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
যাঁদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাঁরা হলেন- সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আসিফ মাহমুদ ও আদিলুর রহমান খান। এছাড়া প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর অ্যাকাউন্টের তথ্যও তলব করা হয়েছে। এসব অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কি না, তা যাচাই করতেই এই তদন্ত শুরু করেছে সংস্থাটি।
প্রেরিত চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে উল্লিখিত ব্যক্তিদের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থাটি তাঁদের লেনদেনের প্রকৃতি এবং উৎসের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালাবে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ফাওজুল কবির খান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আসিফ মাহমুদ স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং আদিলুর রহমান খান পালন করেন গৃহায়ন ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। খোদা বখস চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী হিসেবে যুক্ত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন