আজ ভারত থেকে দেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১১:৪৯ এএম
আজ ভারত থেকে দেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ছবি: সংগৃহীত

চলমান পরিস্থিতির মধ্যে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল।

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আজ মঙ্গলবার এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এরই মধ্যে ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। এর দুই দিনের মাথায় আজ ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসছে।

২০২৩ সালের মার্চে উদ্বোধন হওয়া এই পাইপলাইনের মাধ্যমে বর্তমানে বছরে ২ লাখ টন ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে, যা ধাপে ধাপে ১০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এএন