বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল সরবরাহ ও অন্যান্য কারিগরি সহায়তায় আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দুই দেশ ভারত ও চীন। ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পৃথক বৈঠকে এই সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, জ্বালানি খাতের সমস্যা সমাধানে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে একযোগে কাজ করবে এবং এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দিতে চীন অত্যন্ত আগ্রহী।
এর আগে রোববার জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। ওই বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে ২০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
চলতি বছর এই চুক্তির অধীনে ইতিমধ্যে ৫ হাজার টন ডিজেল দেশে পৌঁছেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেল সরবরাহের বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে ঢাকা।
এছাড়া চুক্তিতে থাকা অতিরিক্ত ৬০ হাজার টন 'অপশনাল' ডিজেল থেকেও সরবরাহ নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। দুই রাষ্ট্রদূতের এমন ইতিবাচক সাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন