চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। প্রতিবছরের ন্যায় এবারও রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে এই জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত হবে।
সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভার কার্যবিবরণী অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সব আয়োজন সম্পন্ন করা হবে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জামাত স্থানান্তরের প্রয়োজন হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, প্রধান জামাতের ইমামতি, পবিত্র কোরআন তেলাওয়াত এবং সঞ্চালনার জন্য বিশিষ্ট আলেম, ক্বারী ও উপস্থাপকদের একটি তালিকা তৈরি করবে ইসলামিক ফাউন্ডেশন। সেই তালিকা থেকে ধর্ম মন্ত্রণালয় চূড়ান্তভাবে ইমাম ও ক্বারীদের মনোনীত করবে। মূলত ঈদুল ফিতর উদযাপনের সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখতেই এই আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন