বিক্রির মন্দা ও হতাশার ছাপ রেখে শেষ হয়েছে ২০২৬ সালের অমর একুশে বইমেলা। বইপ্রেমীদের প্রাণের এই উৎসব শেষ পর্যন্ত স্বপ্ন, প্রত্যাশা ও হতাশার মিশ্র অনুভূতি নিয়ে পর্দা নামিয়েছে।
বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, এবারের মেলায় আনুমানিক প্রায় ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। অথচ গত বছর একই মেলায় বিক্রি হয়েছিল প্রায় ৪০ কোটি টাকার বই। ফলে বিক্রির দিক থেকে এবার বড় ধরনের ধাক্কা খেয়েছেন প্রকাশকরা।
প্রতিবছর অমর একুশে বইমেলা মানেই নতুন বইয়ের সমাহার, প্রিয় লেখকের সঙ্গে পাঠকের সাক্ষাৎ এবং বইপ্রেমীদের ভিড়ে মুখর পরিবেশ। কিন্তু এবারের মেলায় সেই চিত্র অনেকটাই ভিন্ন ছিল।
প্রকাশকদের ভাষ্য, শুরু থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে বই বিক্রি কম হওয়ার আশঙ্কা ছিল। মেলার শেষদিকে এসে সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে। অনেক প্রকাশকের দাবি, গত বছরের তুলনায় এবারের বিক্রি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমেছে।
মেলায় অংশ নেওয়া অধিকাংশ প্রকাশকই ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশ প্রকাশকের স্টল নির্মাণের খরচও উঠেনি। এমনকি প্রায় ৩০ শতাংশ স্টলে পাঁচ হাজার টাকার বইও বিক্রি হয়নি।
অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন কান্তি নাথ বলেন, “আমার প্রতিদিন অন্তত ১ থেকে ১ দশমিক ৫ লাখ টাকার বই বিক্রির আশা ছিল। কিন্তু এ বছর সেই লক্ষ্য পূরণ হয়নি। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত বইগুলো যদি বিক্রি না হয়, তাহলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।”
সব মিলিয়ে, প্রাণের উৎসব হিসেবে পরিচিত অমর একুশে বইমেলা এবার শেষ হয়েছে অনেক প্রকাশকের জন্য হতাশা ও উদ্বেগের বার্তা রেখে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন