রাজধানী থেকে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান যে, রাস্তায় এখন পর্যন্ত কোনো ধরনের যানজট নেই এবং বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি করা হচ্ছে।
মন্ত্রী উল্লেখ করেন যে, যাত্রী সাধারণের পক্ষ থেকে এখন পর্যন্ত বাড়তি ভাড়া বা অন্য কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি।
সড়কমন্ত্রী আরও বলেন, প্রতিটি টার্মিনালে পুলিশ বুথ স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী যদি বাড়তি ভাড়ার বিষয়ে অভিযোগ প্রদান করেন, তবে সঙ্গে সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসগুলো নির্ধারিত সময়েই টার্মিনাল ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন। ঈদযাত্রা এখন পর্যন্ত সম্পূর্ণ বিঘ্নহীন ও স্বস্তিদায়ক রয়েছে বলেও তিনি দাবি করেন।
জ্বালানি সরবরাহের বিষয়ে মন্ত্রী জানান, গত ১৫ তারিখ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন যে, যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় আগের চেয়ে ৩২ হাজার গাড়ি বেশি যাতায়াত করেছে। নিয়মিত জ্বালানি পাচ্ছে বলেই যানবাহনগুলো নির্বিঘ্নে চলতে পারছে। যদি কেউ জ্বালানি পেতে সমস্যার সম্মুখীন হন, তবে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারবেন বলে তিনি আশ্বাস দেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন