দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে শুরু হয়েছে আনন্দের প্রস্তুতি।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।
আগামীকাল সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন