সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১১:২৮ এএম
সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

প্রশাসনে বড় পরিসরে পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে উন্নীত করা হয়েছে।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী এসব কর্মকর্তাকে সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির ফলে তারা জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০–৬৭,০১০ টাকা) বেতন-ভাতা পাবেন।

এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন। ই-মেইলের মাধ্যমেও যোগদানের বিষয়টি সম্পন্ন করতে বলা হয়েছে।

তবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলে বর্তমান পদেই দায়িত্ব পালন করবেন।

প্রশাসনে একসঙ্গে এত সংখ্যক কর্মকর্তার পদোন্নতিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, যা প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এএন