স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৫:৩৫ পিএম
স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় একাধিক রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক আয়োজনকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জানানো হয়।

ডিএমপি জানায়, আগামী ২৬ মার্চ জাতীয় প্যারেড স্কয়ার, বঙ্গভবন এবং মানিক মিয়া অ্যাভিনিউ এই তিনটি গুরুত্বপূর্ণ ভেন্যুকে কেন্দ্র করে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট আয়োজন করা হয়েছে।

এসব অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নির্দিষ্ট সময় অনুযায়ী রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে। প্যারেড স্কয়ার এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত শুধুমাত্র আমন্ত্রিত স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। একই সময়ে আশপাশের বিভিন্ন সড়কে ডাইভারশন কার্যকর থাকবে।

বিকল্প হিসেবে মিরপুর, ফার্মগেট, ধানমন্ডি, শ্যামলীসহ বিভিন্ন এলাকা থেকে আগত যানবাহনের জন্য পৃথক রুট নির্ধারণ করা হয়েছে। সাধারণ দর্শকদের জন্য নির্দিষ্ট গেট দিয়ে পায়ে হেঁটে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত গাড়ি নির্ধারিত পার্কিং স্থানে রাখার অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে বঙ্গভবন এলাকায় বিকাল ২টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত স্টিকারবিহীন যান চলাচল বন্ধ থাকবে। একইভাবে বিভিন্ন প্রবেশপথে নিয়ন্ত্রণ আরোপ করা হবে এবং নির্ধারিত ডাইভারশন পয়েন্ট দিয়ে যান চলাচল পরিচালিত হবে।

সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টকে কেন্দ্র করে বিকাল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই এলাকার আশপাশে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। এ সময় কিছু সড়কে যান চলাচল সীমিত করা হবে এবং বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এসব আয়োজনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যসহ দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ফলে নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত জরুরি।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, নির্ধারিত নির্দেশনা মেনে চললে এবং বিকল্প সড়ক ব্যবহার করলে জনদুর্ভোগ কমানো সম্ভব হবে।

এএন