হরমুজ প্রণালির চলমান জটিলতা এড়াতে বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে বাংলাদেশ। লোহিত সাগরের ‘ইয়ানবু কমার্শিয়াল পোর্ট’ থেকে এই তেল সরাসরি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্রে জানা গেছে, আগামী ২০ এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এই তেলবাহী জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
এদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজ এক লাখ মেট্রিক টন তেল নিয়ে বর্তমানে হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় বাংলাদেশে আসতে পারছে না। যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে ওই তালিকায় তেলের এই জাহাজটি ছিল না।
বিএসসি আশা করছে, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে। এসব তেল পরিশোধন করে বাজারজাত করা হলে দেশের বর্তমান জ্বালানি সংকট অনেকটাই লাঘব হবে। সূত্র: বাসস ও বিবিসি বাংলা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন