জ্বালানি সাশ্রয় এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব সরকারি ও বেসরকারি অফিস এখন থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জ্বালানি সাশ্রয় ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর দেশের সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিসের পাশাপাশি ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো গ্রাহক লেনদেনের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে অভ্যন্তরীণ আনুষঙ্গিক কাজ শেষ করার জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।
বিশেষ পরিস্থিতিতে আয়োজিত এই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে দেশের বর্তমান সংকট মোকাবিলায় কাজ করছেন বলে সচিব উল্লেখ করেন। যাতায়াতের সময় বাঁচাতে ও যানজট এড়াতে সংসদ ভবনেই এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। আগামী কার্যদিবস থেকেই নতুন এই সময়সূচি কার্যকর হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন