সরকারি কর্মকর্তাদের জন্য দুই সুবিধা বন্ধ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১২:১৩ পিএম
সরকারি কর্মকর্তাদের জন্য দুই সুবিধা বন্ধ

রাষ্ট্রীয় পরিচালন ব্যয় কমাতে সরকারি কর্মকর্তাদের জন্য বিদ্যমান দুটি বিশেষ সুবিধা স্থগিত করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের গাড়ি কেনার সুদমুক্ত ঋণ এবং সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। 

শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈদেশিক প্রশিক্ষণের পাশাপাশি অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয়ও ৫০ শতাংশ কমিয়ে আনতে হবে। এছাড়া বিভিন্ন সভা ও সেমিনারে আপ্যায়ন খরচ ৫০ শতাংশ, কনফারেন্স ব্যয় ২০ শতাংশ এবং ভ্রমণ সংক্রান্ত খরচ ৩০ শতাংশ হ্রাসের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০’ অনুযায়ী উপসচিব ও তার ওপরের পদের কর্মকর্তারা গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ সুবিধা পেয়ে আসছিলেন। এছাড়া গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য তারা মাসে ৫০ হাজার টাকা করে ভাতা পেতেন। সরকারের বর্তমান এই কৃচ্ছ্রসাধন নীতির ফলে এসব সুবিধা আপাতত স্থগিত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ অনেকটাই লাঘব হবে।

জেএইচআর