বৃহস্পতিবার দুই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৫:০২ পিএম
বৃহস্পতিবার দুই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। গত বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার প্রেক্ষিতে ‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এ প্রদত্ত ক্ষমতাবলে এই ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সরকারি-বেসরকারি সকল অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনটি বহাল রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষিত হয়।

অন্যদিকে, নির্বাচনের আগে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে ১২ ফেব্রুয়ারি ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এই দুই শূন্য আসনেই আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েনসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। সাধারণ ছুটির ফলে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

জেএইচআর