সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় দেশের অধস্তন আদালতের ২৮ জন বিচারককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয়-এর আইন ও বিচার বিভাগ। মঙ্গলবার সংশ্লিষ্ট বিচারকদের কাছে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, বিচারকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাদের নিয়োগ ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এবং উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে তারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর হাইকোর্ট বিভাগ কর্তৃক জারি করা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা লঙ্ঘন করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য।
এছাড়া, অভিযোগে উল্লেখ করা হয় যে, তাদের এ ধরনের কার্যকলাপ ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’-এর বিধি অনুযায়ী চাকরির শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়ে।
শোকজে বিচারকদের ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন