বাংলাদেশি নাগরিকদের ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা প্রাপ্তিতে ১৩টি দেশ যৌথভাবে নতুন নির্দেশনা দিয়েছে। বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এই নির্দেশনা প্রকাশ করে।
নির্দেশনায় বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই সরকারি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সাহায্য নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তির কাছে অর্থ প্রদান করা থেকে দূরে থাকতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। এই ধরনের অনিয়ম ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা ডেকে আনতে পারে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সরাসরি যুক্ত নয়। বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবিকৃত মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের জন্য মূল আহ্বান হলো: যাচাইকৃত তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে। এতে আবেদন প্রক্রিয়া হবে নিরাপদ, স্বচ্ছ এবং ন্যায্য।
এই যৌথ নির্দেশনা জারি করা ১৩টি দেশ হলো: অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন