ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২১টি অধ্যাদেশ বিল আকারে পাস করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উত্থাপিত বিলগুলো কণ্ঠভোটে পাস হয়। রাষ্ট্রপতির সম্মতির পর এগুলো পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে।
পাস হওয়া উল্লেখযোগ্য বিলগুলোর মধ্যে রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন), স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ও পৌরসভা) (সংশোধন), বাংলাদেশ শ্রম (সংশোধন), পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন), এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬। এছাড়া জ্বালানি, টেলিযোগাযোগ, মানবাধিকার এবং মুক্তিযোদ্ধা কাউন্সিল সংক্রান্ত সংশোধনী বিলগুলোও অবিকল রেখে পাস করা হয়।
অন্যদিকে, তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রহিত করে পৃথক বিল পাস করা হয়েছে। এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৪, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৪। এই অধ্যাদেশগুলো বাতিল করে রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল পাস করেছে সংসদ।
সংসদীয় কার্যক্রমের ১২তম দিনে বিলগুলো পাস হওয়ার ফলে অন্তর্বর্তী সরকারের গৃহীত প্রশাসনিক ও আইনি সংস্কারগুলো স্থায়ী আইনি ভিত্তি পেল। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বিলগুলো পাসের সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন