পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটবে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:৩২ এএম
যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটবে না

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ পরিস্থিতি মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে আরও সমন্বিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই অঞ্চল বর্তমানে অস্থির সময় পার করছে, যেখানে জ্বালানি সংকট অর্থনীতি ও সমাজ উভয়ের ওপরই চাপ সৃষ্টি করছে। তাই পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সম্মিলিত শক্তিকে কাজে লাগানো জরুরি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার কাঠামো নতুন করে ভাবার সময় এসেছে। প্রচলিত রাজনৈতিক ও অর্থনৈতিক ধারণাগুলো পরিবর্তিত হচ্ছে, ফলে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, উন্নয়ন অর্জনের ধারাবাহিকতা এবং সংকট মোকাবিলার কার্যকর উপায় খুঁজে বের করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন। ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পাশাপাশি জেলা ও উপকূলীয় এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শক্তিশালী করার আহ্বান জানান। এতে স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য ভারত মহাসাগরের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বর্তমান সময়ে প্রযুক্তি, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তাই তরুণ ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে এসব সুযোগ কাজে লাগানো প্রয়োজন।

একই সঙ্গে তিনি আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে দীর্ঘদিনের প্রচলিত সমন্বয় কাঠামো পুনর্বিবেচনার আহ্বান জানান।

এএন