ঢাকায় বাড়ছে তাপমাত্রা, সম্ভাবনা নেই বৃষ্টির 

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:৪৪ এএম
ঢাকায় বাড়ছে তাপমাত্রা, সম্ভাবনা নেই বৃষ্টির 

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সম্ভাবনা না থাকায় ভ্যাপসা গরম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।

এদিকে সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এএন