দূরপাল্লার ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াই-ফাই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:০০ পিএম
দূরপাল্লার ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াই-ফাই

পর্যটন শিল্পে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশের সব বিমানবন্দর ও দূরপাল্লার ট্রেনে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

শনিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় ইন্টারনেট পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পরীক্ষামূলকভাবে চারটি ট্রেনে এই সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি কক্সবাজার রুটের। পর্যায়ক্রমে সব দূরপাল্লার ট্রেন, রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরে এই সুবিধা বিস্তৃত করা হবে। এছাড়া সরকারি হাসপাতাল ও গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোকেও এই ফ্রি ওয়াই-ফাই জোনের আওতায় আনা হচ্ছে।

সমুদ্র উপকূলীয় অঞ্চলে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট চালুর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, এর ফলে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রদান, জলদস্যুতা রোধ এবং জরুরি যোগাযোগ আরও সহজতর হবে। পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষ জনবল গড়তে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় বিটিসিএলের ইন্টারনেট সংযোগ নিয়ে গ্রাহক পর্যায়ে দীর্ঘসূত্রতা ও ভোগান্তির বিষয়টি উঠে আসে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির আগে সংযোগ বিচ্ছিন্ন হলে তা সমাধানে কয়েক দিন সময় লেগে যাওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা রেহেন আসিফ আসাদ এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভা শেষে বিকেলে মন্ত্রী কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই জোনের শুভ উদ্বোধন করেন। পরে তিনি হিলডাউন সার্কিট হাউসে বিটিসিএল, টেলিটক ও ডাক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

কক্সবাজারের জেলা প্রশাসক এমএ মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা রেহেন আসিফ আসাদ। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ পদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

জেএইচআর