শায়েখ আহমাদুল্লাহ

নৈতিক ভিত্তি গঠনে ভূমিকা রাখছে কওমী শিক্ষার্থীরা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৪:৩৬ পিএম
নৈতিক ভিত্তি গঠনে ভূমিকা রাখছে কওমী শিক্ষার্থীরা
শায়েখ আহমাদুল্লাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়েখ আহমাদুল্লাহ বলেছেন, কওমী শিক্ষার্থীরা শুধু দ্বীনের খেদমতেই নয়, বরং জাতির নৈতিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, এই মেধাবী আলেমদের যথাযথ মূল্যায়ন করলে ভবিষ্যতে তারা ইসলাম ও মানবতার জন্য বড় অবদান রাখতে সক্ষম হবে।

শুক্রবার রাজধানীর আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে ‘কওমী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে দাওরায়ে হাদিসে সিরিয়াল ও মুমতাজ প্রাপ্ত ৫০০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

 শায়েখ আহমাদুল্লাহ বলেন, বর্তমান সময়ে জ্ঞানচর্চার পাশাপাশি চরিত্র গঠন অত্যন্ত জরুরি। কওমী শিক্ষার্থীদের উচিত নিজেদেরকে এমনভাবে গড়ে তোলা, যাতে তারা কুরআন-সুন্নাহর আলোকে সমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে।

অনুষ্ঠানে জানানো হয়, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫০০ জনকে নির্বাচন করা হয়। তাদের জন্য ৪টি উমরাহসহ প্রায় ৪৫ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা নবীন আলেমদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় দ্বীনের খেদমতে আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সংবর্ধনাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, যার মধ্যে ছিল কিতাব ক্রয়ের ভাউচার, বিশেষ স্মারক উপহার ও স্বাস্থ্যসেবা কার্ড। এই আয়োজন কওমী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চতর গবেষণার পথে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এম জি