দেশজুড়ে জ্বালানি ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করার লক্ষ্যে ‘ফুয়েল পাস’ কার্যক্রমের অংশ হিসেবে আরও ১৯টি জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুনভাবে যুক্ত হওয়া জেলাগুলো হলো-গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। এসব জেলায় আজ থেকেই নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম চালু করা হবে।
এর আগে ১৮ এপ্রিল জানানো হয়েছিল, ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলট কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ অঞ্চলের নিবন্ধিত মোটরসাইকেলগুলোকে এই সিস্টেমের আওতায় আনা হয়েছে।
গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে।
প্রাথমিকভাবে অ্যাপটি মোটরসাইকেল মালিক বা চালকদের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হচ্ছে। সফল পরীক্ষামূলক কার্যক্রম শেষে ধাপে ধাপে এটি দেশের সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন