পবিত্র হজ পালনের ব্যয় কমানোর লক্ষ্যে চলতি বছরে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোসহ সরকার ইতোমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বুধবার সংসদে মাদারিপুর-২ আসনের সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী জানান, ২০২৫ সালে হজে বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। চলতি বছরে তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সৌদি আরব অংশে নির্ধারিত ব্যয় কমানো সম্ভব না হলেও হজযাত্রীদের আবাসন ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়ি ও হোটেল ভাড়া সাশ্রয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
ভবিষ্যতে হজযাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনায় নিয়ে ব্যয় আরও কমানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন