‘তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:১৬ পিএম
‘তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী জানিয়েছেন, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ২০০৪ সালে বাংলাদেশ সফর করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে। 

তিনি বলেন, ওই সময় তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান। পরে সেই আমন্ত্রণের প্রেক্ষিতে বিল গেটস সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন: টেলিকম, ডেটা ও সাইবার সুরক্ষা বিল ২০২৬’ শীর্ষক নীতি সংলাপে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রেস সচিব আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা কখনোই অশালীন ভাষা বা গালিগালাজের মাধ্যমে হতে পারে না। তিনি উল্লেখ করেন, “মতভেদ গণতন্ত্রের অংশ, কিন্তু সাম্প্রতিক সময়ে অনলাইনে যে ধরনের ভাষা ব্যবহার হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, ডিজিটাল যুগে সাইবার সুরক্ষা ও ডেটা ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই নতুন আইন ও নীতিমালা সময়োপযোগীভাবে প্রণয়ন করা জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভাপতিত্ব করেন বিআইএসএ সভাপতি ফয়সাল আলিম। আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম এবং বিআইএসএ-এর প্রধান উপদেষ্টা মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক।

এএন