অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০২:৪৫ পিএম
অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি

দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ১২ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জারি করা হয়।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট, বিশেষ করে এপিবিএন, পিবিআই, ডিএমপি, র‌্যাব ও রেঞ্জ পর্যায়ে এই পদায়ন ও বদলি কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী সাতক্ষীরার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মকবুল হোসেনকে একই দায়িত্বে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। ঢাকা এপিবিএন-১২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫ এ, আর হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২ এর অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়। একই সঙ্গে ঢাকা এপিবিএন-১৩ এর অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এম জি