রাজনীতির মতো অর্থনীতিতেও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাত উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক ব্যবস্থাতেও সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশের প্রতিটি নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় অন্তর্ভুক্ত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, অতীতে একটি নির্দিষ্ট ধনী গোষ্ঠী অর্থনীতির সুবিধা ভোগ করেছে, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ সীমিত ছিল। বর্তমান সরকার সেই বৈষম্য কমিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে।
নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, পরিবার পরিচালনায় নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে তিনি অর্থনৈতিক প্রবাহ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন