সোমবার থেকে সারাদেশে টিসিবির ট্রাকসেল শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২৬, ১১:৪৭ পিএম
সোমবার থেকে সারাদেশে টিসিবির ট্রাকসেল শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের নাগালে নিত্যপণ্যের দাম রাখতে সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে সরকারি বিপণন সংস্থা টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। ৭২০টি ট্রাকের মাধ্যমে আগামী ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ১০ দিনব্যাপী এই কার্যক্রম চলবে। টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই কার্যক্রমের আওতায় একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি এবং দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করা হবে। ট্রাক থেকে যেকোনো সাধারণ ক্রেতা এই সুবিধায় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন।

টিসিবি জানিয়েছে, প্রতিদিন প্রতিটি ট্রাকে ৪০০ জন সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কার্যক্রমটি সফল করতে ঢাকা মহানগরী ও জেলায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্যান্য বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাক নিয়োজিত থাকবে। মোট ১০ দিনে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য পৌঁছে দেওয়া হবে।

ট্রাকসেলের পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৭২ লাখ ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্য বিক্রয় কার্যক্রমও চলমান থাকবে। মে মাসে এসব কার্ডধারী পরিবারের মাঝে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কার্ডধারীদের জন্য ভোজ্যতেল, চিনি ও ডালের পরিমাণ ও মূল্য আগের মতোই অপরিবর্তিত থাকবে।

জেএইচআর