ঢাকায় নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. উইসাম হুসেন আলী আল ইথাউই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর অভিনন্দন জানানোর জন্য ইরাকের নেতৃত্ব ও সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে ১৯৭২ সালে প্রথম আরব রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় ইরাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার আশা ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশি নাগরিকদের আতিথেয়তা এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করায় ইরাক সরকারের প্রশংসা করেন তিনি।
এ ছাড়া ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিক ও কৃষিপণ্যসহ বিভিন্ন খাতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন উভয় পক্ষ।
বৈঠকে বাংলাদেশ ও ইরাক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক পরিসরে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন