নাহিদ ইসলাম

কাঁটাতারের বেড়া দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:৪১ পিএম
কাঁটাতারের বেড়া দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড চালিয়ে বন্ধুত্বের কথা বলা সম্ভব নয়। তিনি বলেন, আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না।

মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। “শাপলা গণহত্যা, বিচারহীনতার এক যুগ” শীর্ষক এই সভায় একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব বর্তমান সরকারের। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই দেশের সরকার যদি সীমান্ত রক্ষায় ব্যর্থ হয়, তবে জনগণ সেই দায়িত্ব নিজ হাতে তুলে নেবে।

একই সঙ্গে তিনি বাংলাদেশের নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করার বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শাপলা চত্বরের ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, শাপলা গণহত্যার সঠিক বিচার এবং জবাবদিহি নিশ্চিত হয়নি বলেই ২০২৪ সালে আরেকটি গণহত্যা দেখার দুঃসাহস দেখিয়েছে অনেকে। তিনি অভিযোগ করেন, অতীতে এই গণহত্যাকে ‘হেফাজতের তাণ্ডব’ হিসেবে অপপ্রচার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে উপস্থাপন করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট আড়াল করার চেষ্টা করা হয়েছে।

সভায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অতীতের সকল অন্যায়ের শ্বেতপত্র প্রকাশের দাবি জানান।

জেএইচআর