দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় জাতীয় গ্রিডে সর্বকালের সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত কার্যক্রমের ফলে এই রেকর্ড সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় থাকায় বিদ্যুৎ উৎপাদন নতুন উচ্চতায় পৌঁছেছে।
এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। সেটি অর্জিত হয়েছিল ২০২৫ সালের ২৩ জুলাই।
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সারাদেশে সফলভাবে বিদ্যুৎ সঞ্চালনও নিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র ও বিতরণ সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন