রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার চার্জশিট আগামী রোববার আদালতে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার রাতে রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এদিন রাত ১০টার দিকে মিরপুর ১১ নম্বরের বি ব্লকে রামিসাদের বাসায় যান প্রধানমন্ত্রী। এসময় স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকও তার সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে নিহত শিশুর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন সরকারপ্রধান এবং দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, ডিএনএ পরীক্ষার জন্য আদালতের অনুমতি নিয়ে সিআইডির ল্যাবে কার্যক্রম চলছে। রোববার দুপুরের মধ্যেই পরীক্ষার কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। এরপরই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিদ্যমান আইন আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
রামিসার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহত শিশুর বড় বোনের পড়াশোনাসহ প্রয়োজনীয় সব ব্যয়ভার প্রধানমন্ত্রী বহন করবেন। পরিবারও দ্রুত ও সুষ্ঠু বিচার প্রত্যাশা করেছে বলে জানান তিনি।
গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে সাত বছর বয়সী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত চলাকালে আদালতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন