ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দেশের অন্তত ১১টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর। এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
এদিকে দোরগোড়ায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। তবে ঈদের সময়টাতেও গরম থেকে খুব একটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উল্টো কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঈদের দিন রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চল ও ঢাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৫ মে (সোমবার) পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পরদিন অর্থাৎ ২৬ মে (মঙ্গলবার) থেকে দেশজুড়ে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন