সড়কে মৃত্যুর মিছিলের কারণ জানালো যাত্রী কল্যাণ সমিতি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০১:৫৬ পিএম
সড়কে মৃত্যুর মিছিলের কারণ জানালো যাত্রী কল্যাণ সমিতি

ঈদযাত্রাকে কেন্দ্র করে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে প্রাণহানির ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, বাস মালিকদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের ফলে দরিদ্র ও শ্রমজীবী মানুষ ঝুঁকিপূর্ণ বাহনে যাতায়াতে বাধ্য হচ্ছেন। নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়েছে তারা।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী দাবি করেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া না নেওয়ার যে আশ্বাস দিয়েছিল, তা থেকে সরে এসেছে।

বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত বাসভাড়া বহন করতে না পেরে চট্টগ্রাম থেকে কম খরচে রডবোঝাই ট্রাকে নওগাঁ যাওয়ার পথে ট্রাক উল্টে ১৫ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

সংগঠনটির অভিযোগ, প্রতি বছর ঈদযাত্রার সময় অতিরিক্ত ভাড়ার চাপে নিম্নআয়ের মানুষ ট্রেনের ছাদ, বাসের ছাদ, খোলা ট্রাক কিংবা পণ্যবাহী যানবাহনে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করা হয়।

অনতিবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, বাস মালিকদের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে মানার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মোজাম্মেল হক চৌধুরী।

এম জি