জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে আবহাওয়া খারাপ থাকলে বিকল্প প্রস্তুতিও রাখা হয়েছে। সে ক্ষেত্রে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
প্রশাসক জানান, এবার জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। জামাতে অংশ নিতে আসা মানুষের সুবিধার জন্য ৪টি প্রবেশপথ এবং বের হওয়ার জন্য ৭টি গেট রাখা হবে।
কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও কথা বলেন তিনি। দ্রুততম সময়ে শহর পরিষ্কার করার প্রত্যয় জানিয়ে তিনি জানান, এবার ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শহর পরিচ্ছন্ন রাখতে বাসিন্দাদের সহযোগিতা চেয়ে প্রশাসক, পশুর বর্জ্য কোনোভাবেই যেন ড্রেনে ফেলা না হয়। পরিবেশ রক্ষায় নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন