ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আজ বৃহস্পতিবার (২৮ মে, ২০২৬) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মুফতি মো. আবদুল মালেক। জামাতে সাধারণ মুসল্লিদের সঙ্গে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরাও এখানে নামাজ আদায় করেন।
মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনার পাশাপাশি ফিলিস্তিন ও ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে, সম্প্রতি বিশ্ব ও বাংলাদেশজুড়ে মহামারি হামের ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাতে সবার গুনাহ মাফ, মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত এবং বিশ্বজুড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ফরিয়াদ জানানো হয়।
এর আগে প্রধান জামাতের খুতবায় খতিব কুরবানির প্রকৃত তাৎপর্য তুলে ধরে ‘মনের পশুকে জবাই’ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশ ও জাতির সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এবার জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের সুব্যবস্থা করা হয়। নারীদের জন্য রাখা হয়েছিল আলাদা প্রবেশপথ, ওযুখানা ও সুনির্দিষ্ট নামাজের স্থান। বৈরী আবহাওয়া ও গরমের কথা মাথায় রেখে পুরো ঈদগাহ জুড়ে প্যান্ডেল নির্মাণে ৪৩ হাজারের বেশি বাঁশ, ১৫ টনের বেশি রশি এবং প্রায় ১ হাজার ৯০০ ত্রিপল ব্যবহার করা হয়। পাশাপাশি মুসল্লিদের স্বস্তির জন্য প্যান্ডেলের ভেতর ১ হাজার ১০০-এর বেশি ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছিল।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন