বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দেশের উন্নয়ন ও গঠনে অবদান রাখছেন, তাদের সহযোগিতায় এগিয়ে আসা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সব স্তরের মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে এবং অন্যদের সহযোগিতা করলে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।
তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাঁর আদর্শকে ধারণ করা উচিত। একজন সচেতন নাগরিক হিসেবে সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে তা শহীদ রাষ্ট্রপতির স্মৃতির প্রতি যথার্থ সম্মান প্রদর্শন হবে।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকে নিজের অবস্থান থেকে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা করুন, যারা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এতে সমাজ ও রাষ্ট্র আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি জানান, অনুষ্ঠানটি সড়কের পাশে হওয়ায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে, তাই দীর্ঘ বক্তব্য থেকে বিরত থাকছেন।
একই সঙ্গে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে শিগগিরই পৃথক বৈঠকের ইঙ্গিত দেন। সেখানে সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করার বিভিন্ন পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন