কালশী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১,২৫০ জনের মাঝে আনসার ও ভিডিপির খাবার বিতরণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৬, ১২:২২ এএম
কালশী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১,২৫০ জনের মাঝে আনসার ও ভিডিপির খাবার বিতরণ

রাজধানীর কালশী বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর মহাপরিচালকের মানবিক নির্দেশনায় শনিবার বাউনিয়াবাদ কালশী বস্তি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১,২৫০ জন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ২৫ মে ২০২৬ তারিখে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কালশী বস্তির অসংখ্য ঘরবাড়ি পুড়ে যায়। এতে শত শত পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়। অনেক পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে দিন কাটাচ্ছে। চারদিকে ঈদুল আযহার আনন্দমুখর পরিবেশের মাঝেও বস্তিবাসীদের এমন সংকটময় সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

খাবার বিতরণ কার্যক্রমটি সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এই মানবিক ও স্বেচ্ছাসেবামূলক দায়িত্ব পালনে বাহিনীর ৪১ জন অঙ্গীভূত আনসার সদস্য এবং ৩৫ জন ভিডিপি সদস্য-সদস্যা সক্রিয়ভাবে নিয়োজিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা, উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাহিনীর কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে জনগণের পাশে থেকে মানবকল্যাণে কাজ করে যেতে এই বাহিনী দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত এই মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাহিনীর পরিচালক (উইং) শুভ্র চৌধুরী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসার (পশ্চিম) জোনের অধিনায়ক উপপরিচালক আরিফুর রহমান, ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) জোনের অধিনায়ক উপপরিচালক মো. কামরুজ্জামানসহ বিভিন্ন থানার আনসার-ভিডিপি কর্মকর্তাবৃন্দ।

জেএইচআর