সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:০৯ পিএম
সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আলি আকবর খান। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়।

ডিআইজি আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্ম নেওয়া এই অভিজ্ঞ কর্মকর্তা তার দীর্ঘ চাকরিজীবনে রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উইং ও ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে দক্ষতা, নিষ্ঠা ও সততার জন্য তিনি সহকর্মী এবং সংশ্লিষ্ট মহলে বেশ সমাদৃত।

পেশাগত মানোন্নয়নে দেশ-বিদেশের বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন আলি আকবর খান। বিশেষ করে ইতালিতে অনুষ্ঠিত মানবপাচার প্রতিরোধ ও অবৈধ অভিবাসন বিরোধী কর্মশালা এবং মালদ্বীপে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিষয়ক তথ্য সংগ্রহ সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে তার অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে আইনশৃঙ্খলা রক্ষা, মানবপাচার দমন ও অভিবাসন ব্যবস্থাপনায় তিনি একজন বিশেষজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত।

সিআইডির ভারপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তার আসন অলঙ্কৃত করায় সংস্থাটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ডিআইজি আলি আকবর খানের দক্ষ নেতৃত্ব, সুদূরপ্রসারী দূরদৃষ্টি ও উচ্চ পেশাদারিত্বের ছোঁয়ায় সিআইডির অপরাধ তদন্ত কার্যক্রম আগামীতে আরও আধুনিক, প্রযুক্তিমনস্ক, গতিশীল ও সময়োপযোগী হয়ে উঠবে।

এএন