ধাপে ধাপে নয়, এক ধাপেই বাস্তবায়ন হতে পারে নতুন পে স্কেল!

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১২:৩৬ পিএম
ধাপে ধাপে নয়, এক ধাপেই বাস্তবায়ন হতে পারে নতুন পে স্কেল!

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে নতুন করে প্রযুক্তিগত একটি বিষয় গুরুত্ব পাচ্ছে। অনলাইন বেতন ব্যবস্থাপনা সফটওয়্যার আইবাস প্লাস প্লাস (iBAS++)-এর সক্ষমতা ও সমন্বয় জটিলতার কারণে ধাপে ধাপের পরিবর্তে এক ধাপেই নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়টি বিবেচনা করছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার সচিবালয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চূড়ান্ত সুপারিশ তৈরির আগে আইবাস প্লাস সিস্টেমের কারিগরি সক্ষমতা, বাস্তবায়ন পদ্ধতি এবং সম্ভাব্য জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সরকারের প্রাথমিক পরিকল্পনা ছিল নতুন মূল বেতন দুই ধাপে কার্যকর করা। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এতে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে বেতন নির্ধারণ ও সমন্বয়ের ক্ষেত্রে প্রযুক্তিগত জটিলতা দেখা দিতে পারে। সেই কারণেই বিকল্প হিসেবে এক ধাপেই মূল বেতন কার্যকরের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

তবে জাতীয় বেতন কমিশনের সব সুপারিশ অপরিবর্তিতভাবে বাস্তবায়নের সম্ভাবনা কম বলেও জানা গেছে। সরকারের আর্থিক সক্ষমতা, প্রশাসনিক বাস্তবতা এবং সামগ্রিক প্রয়োজন বিবেচনায় কয়েকটি সুপারিশে পরিবর্তন আনা হতে পারে।

আজকের বৈঠকে নতুন পে স্কেল চালুর ফলে সরকারের আর্থিক ব্যয়, বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি, বেতন সমন্বয়ের পদ্ধতি এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণির কর্মচারীদের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি কোন সুপারিশ বহাল থাকবে, কোথায় সংশোধন প্রয়োজন এবং বাস্তবায়নের রূপরেখা কী হবে, তা নিয়েও আলোচনা হবে।

বেতন বৃদ্ধির হার নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। তবে এদিনই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সরকারের লক্ষ্য রয়েছে নতুন মূল বেতন ১ জুলাই থেকেই কার্যকর করা। অন্যদিকে বিভিন্ন ভাতা দ্বিতীয় ধাপে, অর্থাৎ ২০২৭-২৮ অর্থবছরে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। জাতীয় বেতন কমিশন নবম পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করেছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষাসচিব, স্বাস্থ্যসেবাসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই প্রধানমন্ত্রী নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত অনুমোদন দেবেন।

এএন